বগুড়ায় ১০০ নারীর মাঝে আর্থিক অনুদান বিতরণ
- আপডেট সময় ০১:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
সিনিয়র স্টাফ রিপোর্টার,
বগুড়ায় ১০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান এর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়। কর্মসূচির আয়োজন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান বানু।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় তৃণমূল নেতাকর্মী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করেন। তাঁর পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক অনুদান পেয়ে উপকারভোগীরা আনন্দিত ও উচ্ছ্বসিত।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দলের পক্ষ থেকে কুরবানির ব্যবস্থাও করা হয়েছে। কুরবানির মাংস দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিতরণ করা হবে। মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে বিএনপি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আর্থিক সহায়তার মাধ্যমে নারীদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় দলীয় নেতাকর্মী, নারী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











