নকল অনলাইন পেইজ খুলে প্রতারণা, বগুড়ায় দুই লাখ টাকা জরিমানা
- আপডেট সময় ১২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
সিনিয়র স্টাফ রিপোর্টার,
বগুড়া শহরের কলোনী বাজার এলাকায় নকল অনলাইন পেইজ খুলে ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে শহরের লতিফপুর মন্ডল হাউজের তৃতীয় তলায় পরিচালিত একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে জানা যায়, ফিরোজ কবির নামের এক ব্যক্তি কোনো ধরনের সরকারি বা প্রাতিষ্ঠানিক অনুমোদন ছাড়াই “ভরসা বাজার”, “নর্থ ফুড” ও “আশ-শিফা” নামে তিনটি অনলাইন পেইজ পরিচালনা করে আসছিলেন। প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ক্রিম, কসমেটিকস, আয়ুর্বেদিক ওষুধ, লিপবামসহ নানা পণ্য তৈরি ও বিক্রি করছিল।
এছাড়াও জনপ্রিয় “আশ-শিফা” ব্র্যান্ডের ব্যথানাশক তেলের নকল পণ্য “আশ-শিফা প্লাস” নামে বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটির কোনো বিএসটিআই অনুমোদন বা ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন ছিল না।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে বিভিন্ন ধরনের ক্রিম কিনে নিজস্ব লেবেল লাগিয়ে অথেনটিক পণ্য হিসেবে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিল।
এসব অপরাধের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নকল “আশ-শিফা” ব্র্যান্ডের তেল জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে র্যাব-১২ ও জেলা পুলিশের দুটি টিম।











