বগুড়ায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা: ‘বহু মামলার আসামি’ রকি নিহত
- আপডেট সময় ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রকি মাহমুদ (২৪) নামে এক ব্যক্তিকে, যিনি এলাকায় একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনানী এলাকার একটি চক্ষু হাসপাতালের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে কাস্টমস অফিস নার্সারীর সামনে পাকা সড়কে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা পেছন দিক থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম নতুন/উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করেছে। এছাড়া রকির ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ডেকে এনে তাকে হত্যা করা হয়েছে।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, “রকি ঈদের আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।











