বগুড়ায় রাস্তা নিয়ে বিরোধে চরম উত্তেজনা: অসুস্থ মাকে হাসপাতালে নিতে বাধা, থানায় অভিযোগ
- আপডেট সময় ১১:০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
বগুড়ার শাজাহানপুর উপজেলায় পারিবারিক যাতায়াতের একটি পুরোনো রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবশেষে চরম উত্তেজনায় রূপ নিয়েছে। প্রতিবেশীদের বিরুদ্ধে হয়রানি, মারধর, পথরোধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিলন হোসাইন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা (চাঁচাহারপাড়া) গ্রামের বাসিন্দা মিলন হোসাইনের পরিবার প্রায় একশ বছর ধরে একটি রাস্তা ব্যবহার করে আসছে। এটি তাদের মূল সড়কে যাতায়াতের একমাত্র পথ।
কিন্তু সম্প্রতি ওই রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা গত এক মাস ধরে পরিকল্পিতভাবে তাদের যাতায়াতে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
এছাড়া, বিবাদীদের গাছের ডালপালা মিলনের বাড়ির টিনের চালের ওপর পড়ে ক্ষতির আশঙ্কা তৈরি করলেও বিষয়টি জানানো হলে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো গালিগালাজ করে।
গত ৯ এপ্রিল সকালে দুই শিশুর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, এ সময় অভিযুক্তরা মিলনের স্ত্রী ও মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
ভুক্তভোগীর ভাষ্য, তার মা হৃদরোগে আক্রান্ত হওয়ায় এ ঘটনায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে বিকেলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি আনা হলে অভিযুক্তরা রাস্তার ওপর বাঁশের খুঁটি স্থাপন করে পথরোধ করে দেয়।
স্থানীয় লোকজনের হস্তক্ষেপে সাময়িকভাবে রাস্তা খুলে দেওয়া হলেও কিছুক্ষণ পর পুনরায় তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে গুরুতর অসুস্থ অবস্থায় মিলনের মাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করলে তারা আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বলে জানান ভুক্তভোগী।
এ ব্যাপারে শাজাহানপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











