মব তৈরি করে পুলিশ হেনস্তা: ধুনটে দুই মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় ০২:২৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ৯১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বগুড়ার ধুনটে মব তৈরি করে দায়িত্ব পালনরত তিন পুলিশ সদস্যকে হেনস্তার ঘটনায় দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। সোমবার রাতের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি মঙ্গলবার (২০ জানুয়ারি) নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বগুড়া সদর ট্রাফিক পুলিশের টিএসআই আবুল কালাম আজাদ ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় মটরযান আইনে মামলা দেওয়া হয়। অন্য মোটরসাইকেলের কাগজপত্র সঠিক থাকায় সেটি ছেড়ে দেওয়া হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ করেন, কনস্টেবল ঘুষ নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে তারা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করেন এবং পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে তারা তিন পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে হেনস্তা করেন।
খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।











