বগুড়া টিটিসিতে সরকারি জিপ গাড়ি উদ্বোধন করলেন এমপি রেজাউল করিম বাদশা
- আপডেট সময় ১১:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
দেশ-বিদেশ প্রকল্পের ড্রাইভিং কার ও বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট মেশিন উদ্বোধন; টিটিসিকে আধুনিকায়নের প্রতিশ্রুতি
স্টাফ রিপোটার: বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (টিটিসি) আধুনিকায়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ রেজাউল করিম বাদশা।
<span;>
সোমবার (২ নভেম্বর ২০২৬) বগুড়া টিটিসি পরিদর্শনে এসে তিনি প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য সরকারি সরবরাহকৃত জিপ গাড়ির সামনে ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় দেশ-বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং কার এবং বিদেশগামী কর্মীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিনেরও উদ্বোধন করেন তিনি। পরে টিটিসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
টিটিসিকে আধুনিকায়নের প্রতিশ্রুতি, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকক্ষ ঘুরে দেখলেন সংসদ সদস্য
পরিদর্শনকালে সংসদ সদস্য টিটিসি বগুড়ার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকক্ষ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষণের পরিবেশ, সুযোগ-সুবিধা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় তিনি বলেন, বগুড়া দীর্ঘদিন উন্নয়নের ক্ষেত্রে প্রত্যাশিত গুরুত্ব পায়নি। টিটিসির প্রশিক্ষণব্যবস্থা আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণসুবিধা বাড়ানো এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণকেন্দ্রকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা যেন দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, সে লক্ষ্যে প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।
দক্ষ জনশক্তি গড়ে তুলে বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধির ওপর গুরুত্ব
বগুড়া টিটিসিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে কর্মীরা দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ পেতে পারেন। বিশেষ করে ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে দক্ষতা অর্জন করে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে তাঁরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়বে।
এ জন্য প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস. এম. এমদাদুল হক, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান হেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সিকান্দার আলী মুন্সীসহ টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

