বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন সামনে রেখে রাজাবাজারে গণসংযোগ ও আলোচনা সভা
- আপডেট সময় ০৩:২০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার,
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বগুড়া শহরের রাজাবাজার এলাকায় এক গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া রিয়েল এস্টেট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইরুল ইসলাম এবং বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, ঢাকার পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার প্রসাদ।
সভায় সভাপতিত্ব করেন রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব তোফাজ্জল হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদ খান, সভাপতি সেলিম রেজা সানু, সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ রাজাবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, আসন্ন উপ-নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করবেন। তিনি সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা ভোটারদের নির্বাচনে অংশগ্রহণ করে সঠিক নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
সভায় বক্তারা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। আলোচনা সভা শেষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী ও নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।











