বগুড়া আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, ১৯ বছর পর নিজ জেলা সফর
- আপডেট সময় ১২:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৭৪ বার পড়া হয়েছে
মাল্টিমিডিয়া রিপোর্টার,
আগামী ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বগুড়া সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
তিনি জানান, ২৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় তারেক রহমান বগুড়ায় পৌঁছে জেলা বিএনপি’র সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। সভা শেষে তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ আদায় ও মসজিদ পরিদর্শন করবেন। এরপর শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।
পরদিন ২৯ জানুয়ারি বৃহস্পতিবার তিনি বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নেবেন। সকালবেলা এরুলিয়া ইউনিয়ন থেকে গণসংযোগ শুরু করে সাবগ্রাম ইউনিয়নে কর্মসূচি শেষ করবেন। পরে তিনি গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।
বগুড়া জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর আবার নিজ জেলা বগুড়ার মাটিতে তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।











