বগুড়ায় পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রোপণ করা হলো ২১৩টি গাছ
- আপডেট সময় ০২:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
মাল্টিমিডিয়া রিপোর্টার,
তারেক রহমান ঘোষিত পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের সি-এন্ড-বি পার্কে আজ শুক্রবার এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের পর সারাদেশে প্রথমবারের মতো বগুড়া থেকেই এ কর্মসূচির সূচনা করা হলো।
বগুড়ার মানুষের হাঁটাহাঁটির জন্য প্রতিষ্ঠিত সি-এন্ড-বি পার্কে আয়োজিত এই কর্মসূচিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ২১৩টি আসনে বিজয়ের সংখ্যাকে স্মরণীয় করে রাখতে ২১৩টি বৃক্ষরোপণ করা হয়। এ উদ্যোগ বাস্তবায়ন করে স্টার্টআপ বগুড়া এবং বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা, যারা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন সিবিআরই-আইবিএম-এর টেকনিক্যাল ডিরেক্টর হাসান মাহবুব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার্টআপ বগুড়ার প্রেসিডেন্ট মশিউর শাফী, ডিরেক্টর সৈয়দ আহনাফ তাজওয়ার, এটিএম তৌফিকুল ইসলাম, চিফ কো-অর্ডিনেটর আব্দুর রহমান দিয়ান ও জোবায়ের বিন সিদ্দিক।
এছাড়াও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি একেএম আহসান হাবীব নাফি, চুয়েট ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌফিক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রকল্যাণ সম্পাদক গাজী তৌফিকুর রহমান চৌধুরী, আল হাসিবুল হক, আসিফ উল ইসলামসহ আরও অনেকে।
বৃক্ষরোপণ শেষে বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, তারেক রহমানের পঁচিশ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার একটি দৃঢ় অঙ্গীকার। বগুড়ার শিক্ষার্থীদের এই উদ্যোগ সারা দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
হাসান মাহবুব বলেন, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগোতে হবে। তরুণদের হাত ধরেই টেকসই পরিবর্তন সম্ভব।
এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি একেএম আহসান হাবীব নাফি বলেন, তারুণ্যের শক্তি সঠিক দিকনির্দেশনা পেলে দেশ গড়ার কাজ আরও গতিশীল হবে।
আয়োজকরা জানান, এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং পর্যায়ক্রমে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারিত করা হবে।











