নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: বগুড়ায় চিপস কারখানায় ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় ১২:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৩০৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালনায় বগুড়া সদর উপজেলার কোহিতকূল এলাকার “নাসির ফুড প্রোডাক্টস” নামক চিপস কারখানায় এক অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিতে কয়েকটি গুরুতর অনিয়ম ও স্বাস্থ্য ঝুঁকি চিহ্নিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
অভিযান চলাকালে নিম্নলিখিত অপরাধগুলি পাওয়া যায়:
অপযুক্ত তেলে চিপস ভাজা: প্রায় দুই মাস ধরে পোড়া তেলে শিশুখাদ্য (চিপস) ভেজে তৈরি করা হচ্ছিল, যা সম্পূর্ণভাবে অস্বাস্থ্যকর এবং ব্যবহারের জন্য অনুপযোগী ছিল।
খেলনা প্যাকেটে রাখা: চিপসের প্যাকেটের মধ্যে নানা ধরনের ছোট খেলনা ঢুকিয়ে মোড়কজাত করা হচ্ছিল, যা শিশুদের গলায় আটকে গিয়ে মৃত্যুর ঝুঁকি সৃষ্টি করতে পারে।
অনুমোদনহীন মোড়কজাতকরণ: অনুমোদনহীন লেভেলে শিশুখাদ্য মোড়কজাত করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তার গুরুতর লঙ্ঘন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতি: শিশুখাদ্য তৈরি করার জন্য কারখানার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং নিয়মবহির্ভূত।
এই অপরাধগুলোর জন্য কারখানার মালিক দোষ স্বীকার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন, ধারা ৩৯ অনুযায়ী “নাসির ফুড প্রোডাক্টস”-কে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেল এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। এছাড়া, বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।












